সরকারের পাশাপাশি মহামারী কভিড ১৯ থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিয়েছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)। ২০২০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৩৫ লাখ মানুষকে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স সহায়তা, সচেতনতামূলক সভা-সেমিনার ও পরামর্শ দিয়েছে সংগঠনটি। জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এফপিএবি সদস্য, মসজিদের ইমাম, সাংবাদিক ও স্থানীয় নেতাদের মধ্যে কভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে সচেতন করেছে তারা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অনেক সমস্যার মুখোমুখি হলেও লকডাউন চলাকালে সাহসের সঙ্গে কাজ করেছেন সংগঠনের কর্মীরা। এক্ষেত্রে এফপিএবির ২০টি শাখা ক্লিনিক, আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি, স্ক্রিনিং প্রটোকল, কর্মী সুরক্ষা নীতি, কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ এবং সুরক্ষা সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।