টোল প্লাজায় যাত্রীবোঝাই বাসে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুর টোল প্লাজায় যাত্রীবোঝাই বাসে আগুন লেগেছে। এতে ৩ যাত্রী অগ্নিদগ্ধ হন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রাম সংলগ্ন সেতু দুটির টোল প্লাজায় এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক দ্রুটি থেকে বাসটিতে আগুন লেগেছে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রীরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রীবোঝাই করে কুয়াকাটার উদ্দেশে রওনা দেয়। পথে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুর টোল প্লাজার ৭ নম্বর লেনে গতিরোধ করে। এসময় আকস্মিক বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই বাসটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি করে যাত্রীরা বাস থেকে নেমে যান।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবোঝাই যাসে আগুন লাগে। আগুনে ৩ যাত্রী অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ একজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকী দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে অগ্নিদগ্ধ কারো পরিচয় জানা যায়নি।

সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।