তাপিয়ার সঙ্গে দ্বন্দ চরমে, স্কালোনি যাবেন না কোপার ড্রতে

কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হচ্ছে আগামী মাসেই। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে অনুষ্ঠানটি। সেখানে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার কোচিং স্টাফদের। কিন্তু সেখানে যাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। তার পথ অনুসরণ করছেন দুই সহকারী কোচ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলও।

মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার কোচের পদের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তখন থেকে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে কোনো ধরণের কথা হয়নি তার।

সংবাদমাধ্যমটি তাদের অন্য একটি প্রতিবেদনে জানিয়েছে, মূলত তাপিয়ার সঙ্গে রেষারেষিতেই কোচের পদ ছাড়তে চাইছেন স্কালোনি। বর্তমানে সর্বক্ষেত্রে খবরদারি করছেন এএফএ প্রেসিডেন্ট। যে কারণে পরিকল্পনা সাজানো কঠিন হয়ে যায় স্কালোনির। ধারণা করা হচ্ছে নিজেকে লাইমলাইটে আনতে তাদের কাজে হস্তক্ষেপ শুরু করেছেন তাপিয়া।

তবে ঝামেলাটা আরও বাড়ে উরুগুয়ে বিপক্ষে ম্যাচ হারার পর। ড্রেসিংরুমে স্কালোনির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তাপিয়া। কোচের কাঁধে সব দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তখন সরাসরি কিছু না বললেও ব্রাজিল ম্যাচের পর কোচের চেয়ার ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি।

এদিকে আগামী ৭ ডিসেম্বর আগামী কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে স্কালোনি ও তার সহকারীরা যাবেন না বলেই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। যদিও কনমেবল ইভেন্টটি এখনও দুই সপ্তাহ বাকি। এরমধ্যে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। কিন্তু তেমন কোনো পরিস্থিতি দেখছেন না বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।