বন্দুক সহিংসতার জন্য প্রতিদিনের সংবাদ শিরোনাম হওয়া যুক্তরাষ্ট্রে এবার গুলিতে প্রাণ হারালেন এক ভারতীয় শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আদিত্য আদলাখা। তিনি যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন। গত ৯ নভেম্বর তাকে গাড়ির ভেতরে গুলি করা হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে শুক্রবার (২৪ নভেম্বর) জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আদিত্য আদলাখা ইউনিভার্সিটি অব সিনসিনাটি মেডিকেল স্কুলে আণবিক এবং উন্নয়নমূলক জীববিজ্ঞান প্রোগ্রামে চতুর্থ বর্ষের ডক্টরেট শিক্ষার্থী ছিলেন।সিনসিনাটি পুলিশের লেফটেন্যান্ট জোনাথন কানিংহাম বলেন, গত ৯ নভেম্বর অফিসাররা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান, যেটি ওয়েস্টার্ন হিলস ভায়াডাক্টের ওপরের ডেকের একটি প্রাচীরের সঙ্গে বিধ্বস্ত হয়ে পড়েছিল। চালকের পাশের জানালায় অন্তত তিনটি বুলেটের ছিদ্র ছিল।
পুলিশের অনুমান, আদিত্য গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় আততায়ীরা গুলি চালায়। যার জেরে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে একটি দেওয়ালে ধাক্কা দেয় আদিত্যর গাড়ি। আহত আদিত্যকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো যায়নি।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি যুক্তরাষ্ট্র পুলিশ।