স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ঘুমন্ত স্ত্রী-কন্যার ওপর ছেড়ে দিয়েছেন বিষধর সাপ। আর এ বিষধর সাপের দংশনেই প্রাণ গেছে তাদের। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের ওড়িশা প্রদেশে।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় দেড় মাস আগে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্যনগর থানার আধেগাঁও গ্রামে ঘরে সাপ ছেড়ে দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত ওই স্বামীর নাম কে গনেশ পাত্র। এ ছাড়া সাপের দংশনে মারা যাওয়া দুজন হলেন স্ত্রী কে বাসন্তী পাত্র আর তার কন্যা দেবাস্মিতা। তাদের মধ্যে তেমন বনিবনা ছিল না। তারা ২০২০ সালে বিয়ে করেছিলেন।
গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, গণেশ ‘ধর্মীয় উদ্দেশে ব্যবহার’ করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে বিষাক্ত ওই সাপটি কিনেছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করেছে। তাছাড়া বাসন্তীর বাবা গণেশের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করার পর, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।