যানবাহনে আগুন লাগলে কীভাবে নিজেকে বাঁচাবেন

প্রায়ই যানবাহনে আগুন লাগার খবর পাওয়া যায়। চলন্ত অবস্থায় গাড়িগুলোতে হঠাৎ করে আগুন ধরে যায়। গাড়িতে আগুন লাগা চালক, যাত্রী, গাড়ির মালিক সবার জন্যই ভয়ংকর। এমন দুর্ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। হঠাৎ আগুন দেখে যে কেউ শঙ্কিত হতে পারেন। এতে দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায়। এমন অবস্থায় কীভাবে নিজেকে বাঁচাবেন?

যানবাহনে অগ্নিকাণ্ড ঘটলে প্রথম ও দরকারি পরামর্শ হচ্ছে- কোনোভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। আগুন লেগে গেলে সর্বপ্রথমে বের হওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়োয় জীবন বিপন্ন হয়ে উঠতে পারে। বরং নিজে দায়িত্ব নিয়ে যাত্রীদের লাইন ধরে বের হতে সাহায্য করুন। আপাত দৃষ্টিতে সময় লাগছে বেশি মনে হলেও এটাই নিরাপদে সবাই বের হওয়ার কার্যকরী উপায়।

আগুন লাগার পরও যানবাহন চালালে আগুন বেড়ে গিয়ে হিতে বিপরীত হতে পারে। তাই সাথে সাথে গাড়ি থামিয়ে দিতে চালককে অনুরোধ করুন। যদি ধোঁয়া হতে থাকে তাহলে সব জানালা খুলে দেওয়ার ব্যবস্থা করুন। 

যানবাহন থেকে নামার জন্য শুধু দরজার ওপর নির্ভর না করে সমর্থ ব্যক্তিরা জানালা দিয়ে নামতে চেষ্টা করুন। এতে দরজায় হুড়োহুড়ি কম হবে। জানালা খোলা না গেলে যে কোনো উপায়ে জানালার কাঁচ ভেঙে ফেলুন। 

গায়ে আগুন লেগে গেলে বিচলিত না হয়ে মাটিতে শুয়ে পড়ুন। গড়াগড়ি খান। ভুলেও দৌঁড় দেওয়া যাবে না। সম্ভব হলে লজ্জা না করে কাপড় খুলে ফেলুন। ভারী কাপড় বা কম্বল দিয়ে চাপাও দিতে পারেন। শরীরের ত্বক পুড়ে গেলে পোড়া জায়গায় সবার আগে পানি ঢালার ব্যবস্থা করুন। তারপর দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে।