শান্তি প্রক্রিয়া গুরুত্বহীন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন: মিশর

মৃতপ্রায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ‘গুরুত্বহীন’ বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানী কায়রোতে স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।  

আবদেল-ফাত্তাহ আল-সিসি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই। ৩০ বছর ধরে এই পথে চলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমাদের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এর অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। তাহলেই জাতিসংঘ বিষয়টি নিয়ে কতটা সিরিয়াস তা প্রমাণ হবে।

একইসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রের অসামরিকীকরণ এবং আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে ভূখণ্ডটির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন মিশরের প্রেসিডেন্ট। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনে তিনি এসব কথা বললেন।