তাজ হোটেলের ১৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি!

ভারতের তাজ হোটেলের ১৫ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ইকনমিক টাইমসের প্রতিবেদনে এ দাবি করা হয়। জানা গেছে, চুরি যাওয়া এসব তথ্য ২০১৪ থেকে ২০২০ সালের সময়ের।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ‘ডিএনএকুকিজ’ নামের এক ব্যবহারকারী তথ্য বিক্রি করতে ৫ হাজার ডলার চেয়েছে, যার মধ্যে রয়েছে গ্রাহকদের ঠিকানা, মেম্বারশিপ আইডি, মোবাইল নম্বর ও আরো কিছু ব্যক্তিগত তথ্য।

গত ৫ নভেম্বর অনলাইন মার্কেটপ্লেস ব্রিচফোরামসে এ সংক্রান্ত বিজ্ঞাপন দেয় অভিযুক্ত। সেই সঙ্গে এক হাজার নমুনাও দেওয়া হয়। অভিযুক্ত অর্থের বিনিময়ে তথ্য ফিরিয়ে দিতে তিনটি শর্তও আরোপ করেছে।

এর মধ্যে অন্যতম হলো, এ বিষয়ে কথা বলতে মধ্যস্থতাকারী প্রয়োজন, যিনি ফোরামের অ্যাডমিন হতে পারেন। বাকি দুটি শর্ত হলো, আর কোনো নমুনা না দেওয়া এবং সব তথ্যই ফেরত নেওয়া।

তাজ গ্রুপ পরিচালনাকারী ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের এক মুখপাত্র বলেন, আমরা জানতে পেরেছি একজন গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করছে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।