ভারতের পশ্চিমবঙ্গে তরুণীর (১৯) আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) তাকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করা হবে। এর আগে শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিষ্ণু দে চৌধুরী। তিনি ফেসবুকে অন্যের ছবি ব্যবহার করে নিজেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্য পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় প্রথম বর্ষের পড়া ওই তরুণী।
জানা গেছে, তরুণীর ডিফেন্সের চাকরির প্রতি ঝোঁক ছিল। প্রথমে বিষ্ণুর বন্ধুত্বের আবেদন গ্রহণ না করলেও পরে সিদ্ধান্ত পাল্টান তিনি। একপর্যায়ে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, যা প্রেমের সম্পর্কে রূপ নেয়। অভিযুক্ত ওই তরুণীকে মাঝে মধ্যে ভিডিও কল করতেন। কয়েকমাস আগে তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন।
এরপরই ঝামেলা হয় দুজনের মধ্যে। কারণ বিয়ের বিষয়ে বিষ্ণুর পরিবারের সঙ্গে কথা বলতে চায় তরুণীর পরিবার৷ তাতেই বেঁকে বসেন বিষ্ণু। তরুণীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এ সময় রাগের বশে তরুণীর একাধিক আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন তিনি। এ ঘটনায় বনগাঁ সাইবার ক্রাইম থানায় বিষ্ণুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হলো।