দৈনিক দেশ রূপান্তরের রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি এম এ কোরেশী শেলু (৫৬) আর নেই। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেলু বৃদ্ধা মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।
তথ্যমন্ত্রীর শোক : সাংবাদিক এম এ কোরেশী শেলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এক শোক বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে এসেছেন এম এ কোরেশী শেলু। একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন তিনি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপসহীন কণ্ঠ এই কলমসৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন। তথ্যমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম পৃথক শোক বিবৃতিতে সাংবাদিক এম এ কোরেশী শেলুর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক জানানো হয়েছে।