গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। ফারুক হাসানের অভিযোগ, গতকাল শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় তাদের মিছিলে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালায়। এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
গণ অধিকার পরিষদের রেজা-ফারুক অংশের নেতারা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদ মিছিল বের করে। মিছিলে নুরুল হক-রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ২০-২৫ জন নেতাকর্মী হামলা করে। হামলায় রেজা-ফারুক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মামুনসহ ১০ জন আহত হন।
তবে নুরুল হক হামলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সরকার নানা ধরনের খেলা খেলছে। আমার মানসম্মান ক্ষুন্ন করতে কিছুদিন পরপর এসব অভিযোগ তোলা হয়। তাদের সঙ্গে কী হয়েছে, আমি জানিও না। আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।’