রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দ্বিতীয় ফেজের নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ২০২৪ সালের জুন মাসের আগেই শেষ হবে। ইতিমধ্যে এ প্রকল্পের ভৌত অবকাঠামোর ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে। নির্মাণকাজ পরিদর্শন করে আমি খুব খুশি। গতকাল শুক্রবার দুপুরে নড়াইলের লোহাগড়ায় নির্মাণাধীন রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসান, প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনসহ স্থানীয় প্রশাসন, রেলপথ মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী গ্যাংকারযোগে (রেলের একটি কার) ভাঙ্গা থেকে নড়াইলের লোহাগড়া পর্যন্ত নির্মিত রেলপথ ও নির্মাণাধীন বিভিন্ন রেলস্টেশন পরিদর্শন করেন।