বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে তাকে আটক করেন র্যাব-১ সদস্যরা। ডা. রফিকুল ইসলাম বাচ্চু তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর ৩০-৪০ নেতাকর্মী (আসামি) নিয়ে সিঅ্যান্ডবি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাঙচুরের নেতৃত্ব দেন রফিকুল ইসলাম বাচ্চু। লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করে যানবাহনে ও ককটেল বিস্ফোরণ ঘটায় মশাল মিছিল করে। এ ব্যাপারে শ্রীপুরে মামলা করে পুলিশ। সে মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম বাচ্চু।