পাকিস্তানের জার্সিতে আর মাঠে নামতে দেখা যাবে না ইমাদ ওয়াসিমকে। একরকম হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী ইমাদ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।
দেশের হয়ে ৫৫ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত এপ্রিলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে। সাবেক টুইটার বা এখনকার ‘এক্স’ প্ল্যাটফর্মে ইমাদ লিখেছেন, অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইমাদের ভাষায়, ‘বেশ কিছুদিন ধরে আমি আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার এখনই সঠিক সময়। এই বছরগুলোয় সবরকম সাহায্যের জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই-পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই অনেক বড় সম্মানের ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচের প্রত্যেকটি খেলতে পারা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন নতুন কোচের কোচিংয়ে ও নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেটে এগিয়ে যাওয়াটা ছিল রোমাঞ্চকর। দলের সঙ্গে সম্পৃক্ত সবার সর্বোচ্চ সাফল্য কামনা করি এবং আগামীতে দলের উজ্জ্বল পারফরম্যান্স দেখার আশায় থাকব।’
বিদায়বেলায় এতদিন সমর্থন দেওয়ার জন্য ভক্ত-সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন ইমাদ। পরিবার ও বন্ধুদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। জাতীয় দলকে বিদায় জানালেও এখনই অবশ্য ক্রিকেট ছাড়ছেন না ইমাদ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে খেলা চালিয়ে যেতে চান তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেন এবং ওই সময়ের বহিষ্কৃত সাইদ আজমলের শূন্যস্থান পূরণ করেন তিনি। ওয়ানডেতে ৫৫ ম্যাচে ৪৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৯৮৬ রান করেছেন তিনি। আর ৬৬ টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট নিয়েছেন, রান করেছেন ৪৮৬। দুই সংস্করণেই তার সেরা বোলিং ১৪ রানে ৫ উইকেট।