বাংলাদেশ অধ্যায় শেষ করেই নতুন চাকরিতে ডোনাল্ড

বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চাননি অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপের পরপরই দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। নতুন চাকরি পেতে দেরি হয়নি তার। বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচকে নিজেদের কোচিং স্টাফে যোগ করে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্স।

অনেকটা অভিমান নিয়েই বাংলাদেশের চাকরিটা ছেড়ে গেছেন ডোনাল্ড। দেশে ফেরার দিন দশেকের ভেতরই নতুন চাকরি পেয়ে গেছেন তিনি। ডোনাল্ডকে কোচিং স্টাফে যোগ করার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে লায়ন্স। 

এখানে পুরোনো সঙ্গীদেরও পাচ্ছেন ডোনাল্ড। বাংলাদেশের সাবেক হেড কোচ আরেক প্রোটিয়া রাসেল ডমিঙ্গো লায়ন্সের হেড কোচ হয়েছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাশিম আমলাকে। এতদিন এই দায়িত্বে থাকা জেপি ডুমিনি যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচিং স্টাফে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। যদিও বিশ্বকাপে পুরো দলের মতো পেসাররাও খুব ভালো কিছু করতে পারেননি।

ক্রিকেটার হিসেবে বেশ সমৃদ্ধ ডোনাল্ডের ক্যারিয়ার। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে শিকার ২৭২ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেটের মালিক তিনি।