জেএসডি নির্বাচনে অংশগ্রহণ করবে না

রাষ্ট্রকে জিম্মি করে সরকারের ক্ষমতা ধরে রাখার চক্রান্তের অংশ বিশেষ দ্বাদশ সংসদের পাতানো নির্বাচন থেকে  দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি- কোন অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না।

এতে আরও বলা হয়, আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক  সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখী করে ফেলবে এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে। রাষ্ট্র এবং জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনক্রমেই গ্রহনীয় হতে পারে না।

‘বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে কেবলমাত্র ইচ্ছা পূরণের নির্বাচনের মাধ্যমে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, ভবিষ্যতে তাদেরকেও দায় দায়িত্ব নিতে হবে।’