চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবস্থান

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার (২৫ নভেম্বর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।

চাকরিপ্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩০ বছর থেকে ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছেন। সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখেননি। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন। সেখান থেকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করতে গেলে নীলক্ষেত মোড়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের গেটে ব্যারিকেড় দিয়ে পুলিশ তাদেরকে আটকে দেয়। পরে সেখান থেকে ফিরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। আজও তারা সেখানে অবস্থান করছেন। 
 
আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রহমান খোকন বলেন, ‘শিক্ষার্থীরা আর কতকাল রাজপথে আন্দোলন করবে? নির্বাচনী ওয়াদা ৩৫ পূরণ করুন। নির্বাচনের আগেই সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩৫ বছর করতে হবে।’