টেনিসের সাবেক নাম্বার ওয়ান জার্মান তারকা বরিস বেকার নোভাক জকোভিচকে লিওনেল মেসি, লেব্রন জেমস ও টম ব্রাডির সঙ্গে তুলনা করতে চান। বেকারের মতে সার্বিয়ান এই তারকা বিশ্বের সেরা অভিজাত ক্রীড়াবিদদের একজন।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে চলে এসেছেন জকোভিচ। গড়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। তার ঝুলিতে আছে ৪০টি এটিপি মাস্টার্স ও মাস্টার্স ফাইনালসের আরও ৭টি শিরোপা। টপকে গেছেন সময়ের সেরা দুই টেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে। এমন তারকাকে তো ফুটবলের মহাতারকার সঙ্গে টেনিস তারকার তুলনা চান এই জার্মান বেকার।
ইউরোস্পোর্ট জার্মানির টেনিস পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকার বলেন, ‘জোকোভিচের মহত্ত্ব টেনিসের বাইরেও উজ্জ্বল। সে এই মুহূর্তে শুধু সেরা টেনিস খেলোয়াড়ই নন, সেরা ক্রীড়াবিদও।’
বেকার বলেন, ‘হয়তো আপনাকে আরও সাধারণভাবে এটি দেখতে হবে। সে কেবল এই মুহূর্তের সেরা টেনিস খেলোয়াড়ই নয়, সেরা ক্রীড়াবিদ। আমি তাকে লিওনেল মেসি, লেব্রন জেমস এবং টম ব্র্যাডির সঙ্গে তুলনা করতে চাই। আমার মতে, নোভাক এই ক্যাটাগরিতে রয়েছে কারণ এই সমস্ত অ্যাথলেটরা তাদের ক্যারিয়ারের মাঝামাঝি বা শেষের দিকেও তাদের খেলায় আধিপত্য বিস্তার করেছে।
জার্মান এই খেলোয়াড় আশা প্রকাশ করেছেন যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় তার ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন। যা তরুণ খেলোয়াড়দের জন্য একটি শিক্ষা হবে, ‘আমি আশা করি সে ক্যারিয়ার দীর্ঘ করবে। কারণ সর্বকালের সবচেয়ে সফল খেলোয়াড়ের মতো একই স্তরে প্রতিযোগিতা করার চেয়ে তরুণ খেলোয়াড়দের জন্য এর চেয়ে ভাল আর কিছুই হতে পারে না। এটাই টেনিসের সেরা শিক্ষা।’