পাইপ ফুটো করে তেল চুরি, সংকেতে টের পেল কর্তৃপক্ষ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এই মামলার এজাহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে শুক্রবার ভোর ৪টায় পাইপ ফুটো হওয়ার সিগন্যাল পায় কর্তৃপক্ষ।

শনিবার সকাল থেকে ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালের দুই প্রকৌশলী সমেন ভট্টাচার্য ও শুভংকর জানা’র তত্ত্বাবধানে ফুটো হয়ে যাওয়া পাইপ মেরামতের কাজ শুরু করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের জাহাঙ্গীর আলম (২৭), পার্বতীপুর উপজেলার সোনাপুকুর গ্রামের মানিক শাহ (৪৫), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের নাজমুল হক (৬৫) ও একই এলাকার আমিনুল ইসলাম (৪৮)।

জানা গেছে, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটিতে অত্যাধুনিক সিগন্যাল বসানো হয়েছে। পাইপটির কোনো স্থান থেকে এক ফোটা তেল বের হলেই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সিগন্যাল দেয়। তেমনি শুক্রবার ভোর ৪টায় পাইপলাইটের ১১৭ কিলোমিটার স্থান থেকে তেল বের হওয়ার সিগন্যাল পায় কর্তৃপক্ষ। পরে মাইলেজ অপারেটর জাহাঙ্গীরকে সেখানে পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে তেলের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে জানায়।

পরে কর্তৃপক্ষ চিরিরবন্দর থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। শুক্রবার সকাল ৭টায় পার্বতীপুর ডিপোর কর্মকর্তা ও চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাইপলাইনের মাটি খনন করে। এ সময় ৬ ফিট মাটির নিচে পাইপটি ফুটো পাওয়া যায়। চোরেরা বিশেষ কায়দায় তেলের পাইটি ফুটো করে সেখানে নাট-বল্টুর মাধ্যমে একটি কল স্থাপন করেছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের পার্বতীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) ও ইনচার্জ প্রবীর হিরা বলেন, ওই স্থান থেকে মাটিতে মিশ্রিত প্রায় ১০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। কতটুকু তেল চুরি হয়েছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তেমন কোনো তেল চুরি যায়নি।

পাইপ লাইনের প্রকল্প পরিচালক ও মেঘনা পেট্রোলিয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে তদন্ত কমিটি গঠন করা হতে পারে। চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ছাড়া কোনো কিছু বলা যাবে না। তেমন কোনো ক্ষতি হয়নি। উন্নত প্রযুক্তির কারণে সহজেই ধরা পড়ে গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, শুক্রবার রাতে পার্বতীপুর ডিপোর ইনচার্জ প্রবীর হিরা বাদী হয়ে ৫ জনের নাম উলে­খ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

উল্লেখ্য, কম খরচে এবং কম সময়ে ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের জন্য এই পাইপলাইনটি নির্মাণ করা হয়। গত ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালী পাইলাইনে তেল আমদানি কার্যক্রমের উদ্বোধন করেন। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে শুরু হওয়া ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন শেষ হয়েছে দিনাজপুরের পার্বতীপুর বিপিসি রেলহেড ডিপোতে। এই পাইপলাইনটি বাংলাদেশ অংশের পরিমাণ ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার।