দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে সুন্নিয়তভিত্তিক ইসলামী দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটির নির্বাচনী প্রতীক চেয়ার। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দলের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
প্রার্থীরা হলেন চট্টগ্রাম-১ আসনে মাওলানা আব্দুল মান্নান, চট্টগ্রাম-২ আসনে মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, চট্টগ্রাম-৩ আসনে আব্দুর রহিম আজাদ, চট্টগ্রাম-৪ আসনে মাওলানা মোজাম্মেল হোসাইন, চট্টগ্রাম-৫ আসনে ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম-৬ আসনে স ম জাফর উল্লাহ, চট্টগ্রাম-৭ আসনে আহমদ রেজা, চট্টগ্রাম-৮ আসনে আল্লামা এস এম ফরিদ উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনে মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম-১০ আসনে মাওলানা মাসুদ করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনে আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম-১২ আসনে মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, চট্টগ্রাম-১৩ আসনে স ম হামেদ হোসাইন, চট্টগ্রাম-১৪ আসনে মাওলানা আবুল হোসেন কালিয়াইশী, চট্টগ্রাম-১৫ আসনে আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতি, চট্টগ্রাম-১৬ আসনে মাওলানা আব্দুল মালেক আশরাফি।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রার্থী পরিচিতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দিন, এম ইব্রাহীম আখতারী।
৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী ফ্রন্ট : আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান এম এ মতিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেন এটাই কাম্য। কিন্তু রাজনীতিবিদরা আজ এক্ষেত্রে ব্যর্থ। ফলে দেশি-বিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। রাজনীতির নাটাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে চলে যাওয়া রাজনীতিবিদদের জন্য বড় লজ্জার বিষয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাতের শামিল বলে মন্তব্য করেন তিনি।