সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আবু সাইদ চাঁদ (৫৪) নামের এক দুধ ব্যবসায়ীকে হত্যা করেছে। উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বেলতৈল গ্রামে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, একই গ্রামের আব্দুল হাকিমের সঙ্গে আবু সাইদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ আব্দুল হাকিমের লোকজন আবু সাইদকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের স্টেশনের পাশে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর।