২৯ বছর পর চেলসির জালে নিউক্যাসলের ৪ গোল

কোনো কিছুতেই ছন্দ যেন খুঁজে পাচ্ছে না চেলসি। ধরে রাখতে পারছে না জয়ের ধারাবাহিকতা। এক ম্যাচ জিতলে কিংবা ড্র করলে পরের ম্যাচেই তাদের সঙ্গী হারের হতাশা। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করা চেলসি এবার হেরে গেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে।

সেন্ট জেমস পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ১৯৯৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম লিগে চেলসির জালে ৪ গোল দিয়েছে দলটি।

মৌসুমে ১৩ ম্যাচে পঞ্চম হারে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে চেলসি। আর সপ্তম জয়ে টেবিলে ছয়ে উঠে এসেছে নিউক্যাসল।

ম্যাচের ১৩তম মিনিটে নিউক্যাসলকে এগিয়ে নেন আলেক্সান্ডার ইসাক। ১০ মিনিট পর দারুণ ফ্রি–কিকে সেটি শোধ করে দেন রাহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে নিউক্যাসল আবার এগিয়ে যায় অধিনায়ক জামাল লাসেয়েসের হেড থেকে করা গোলে। ব্যবধানটা ৩-১ হয়ে যায় পরের মিনিটেই। ব্রাজিল সতীর্থ থিয়াগো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিউক্যাসলকে তৃতীয় গোল এনে দেন জোয়েলিংটন।

এই ম্যাচেই ৩৯ বছর ৬৪ দিন বয়সে খেলতে নেমে চেলসির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন সিলভা।

৭৩ মিনিটে রিস জেমস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে যেটুকু সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যায় চেলসির। দশজনের চেলসির বিরুদ্ধে ৮৩ মিনিটে নিউক্যাসলের চতুর্থ গোলটি এনে দেন অ্যান্থনি গর্ডন।