নারায়ণগঞ্জে ফের গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জে ফের গণপিটুনিতে ছিনতাইকারী নিহত হয়েছে। শহরের নিতাইগঞ্জের পর এবার ফতুল্লার দেওভোগে কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ নভেম্বর) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রিরিস চন্দ্র সেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণা অপর দুই সহযোগীকে নিয়ে এক পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় ওই ব্যক্তি চিৎকার করলে স্থানীয়রা কৃষ্ণাকে ধরে ফেলে। সেই সঙ্গে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, কৃষ্ণা নিয়মিত ওই এলাকায় ছিনতাই করতেন। তাকে ছিনতাইকারী হিসেবে চেনে মানুষ। বিভিন্ন সময় মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করতেন। তাকে কেউ কিছু বলার সাহস পেত না। দেওভোগ লিচুবাগান মোড়ে প্রায় নারীদের আটকিয়ে ছিনতাই করে মোবাইল-টাকা রেখে দিতেন। কিছুদিন আগেও এক নারীর কাছ থেকে টাকা রেখেছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। কৃষ্ণার নামে ফতুল্লা থানায় আটটি মামলার আছে। তার বিরুদ্ধে আরও মামলা পাওয়া যেতে পারে। তিনি একজন ছিনতাইকারী ও আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ‍্য, গত বুধবার রাত ২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হাবিবুর রহমান হাবু (৩৫) নামে অপর এক ছিনতাইকারীকে গণপিটুনী দেয় এলাকাবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান।