‘টাইগার ৩’-এর সাফল্যে সিনেমা হল চালু করছেন সালমান 

তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন সালমান খান। এই দীর্ঘ ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাইয়ের সাক্ষী হতে হয়েছে তাকে। জড়িয়েছেন বহু বিতর্কেও। তার নানা আচরণ বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। তবে পর্দায় তিনি এলেই নাকি ছবি হিট্‌! লক্ষ্মীলাভ হয় হলমালিকদের। কিন্তু গত দু’বছর টানা মন্দা গেছে।

তবে ‘টাইগার ৩’-এর মাধ্যমে সুদিন ফিরল ভাইজানের। এবার সেই আনন্দে এল নতুন ঘোষণা! সিনেমার পাশপাশি এবার ব্যবসায় হাত পাকাতে চলেছেন সালমান। ব্যবসাতেও রয়েছে সেই সিনেমা।

শোনা যাচ্ছে, সারা ভারতজুড়ে সিনেমাহল খুলতে চলেছেন তিনি। তবে আর পাঁচটা হলের মতো কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ হবে না সালমানের হলে, রয়েছে অন্য সুবিধাও।

পরিকল্পনাটা অনেক আগেই নেওয়া। তবে মাঝে কোভিডের কারণে সব পিছিয়ে দিতে বাধ্য হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। আসলে এটা বাস্তবায়নে অনেকটা সময় দরকার। জমি, নির্মাণ কাজ, লোক নিয়োগ সব মিলিয়ে বিরাট কর্মযজ্ঞ। তবে সব ঠিকঠাক থাকলে আগামী বছরই কাজ শুরু করব। ধীরে ধীরে শুরু করব। তবে করবই, এই বিষয়ে নিশ্চিত।’

শোনা যাচ্ছে, সিনেমা হলের নাম হবে সালমান টকিজ। মুম্বাই ও দেশের অন্যান্য শহরেও খোলা হবে অভিনেতার নামাঙ্কিত হল। অন্য হলের তুলনায় এখানে টিকিটের দাম হবে অনেকটাই কম। করমুক্ত টিকিট মিলবে এখানে। স্বাভাবিকভাবেই দাম অনেকটাই কম হবে টিকিটের। বাচ্চা ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে মিলবে টিকিট।