সোমালিয়ায় বৃষ্টি-বন্যায় প্রায় ১০০ জনের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় নিহতের সংখ্যা প্রায় ১০০ জনে পৌঁছেছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে।

সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোন্নার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমালিয়ায় বন্যায় এখন পর্যন্ত ৯৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহামুদ মুয়াল্লিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ এবং হর্ন অব আফ্রিকার মতো সোমালিয়াতেও অক্টোবরে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে চলমান বন্যায়। এ ছাড়া গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সোমালিয়ায় বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রতিবেশী কেনিয়ায় বন্যায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও সেতু। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ।

সেখানে বছরের বছর ধরে চলা বিদ্রোহের কারণে পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। তার মধ্যে তীব্র বৃষ্টি-বন্যায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।