তারুণ্য নির্ভর দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যে দলের একজন প্রথমবারের মতো টেস্টে ডাক পাওয়া হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনারের ওপর অগাধ আস্থা চন্ডিকা হাথুরুসিংহের। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা মুরাদকে স্রেফ নিজের খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কোচ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অংশ নিউজিল্যান্ড-বাংলাদেশের দুই ম্যাচের সিরিজটি। সিলেটে ২৮ নভেম্বর শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট।
২০২০ যুব বিশ্বকাপজয়ী মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে ২০২১ সালে। এরপর থেকে লাল বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২৬ ম্যাচ খেলেই তার শিকার ১৩০ উইকেট। গত অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া এই স্পিনার এবার টেস্ট অভিষেকের অপেক্ষায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে আছেন মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ স্পিনাররা। তাই মুরাদের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। তবে সুযোগ আসলে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের কাছ থেকে স্বাভাবিক খেলাটাই প্রত্যাশা করেন হাথুরুসিংহে, 'সে আমাদের আরেকজন বোলার। গত দুই বছর এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল সে। তাই, সে তার কাজ ঠিকঠাক করেছে এবং দলে জায়গা অর্জন করে নিয়েছে। তার জন্য আমার বার্তা থাকবে, নিজের খেলাটা খেলো, এক্স ফ্যাক্টর কিংবা ওয়াই হতে হবে না।'