ভারতে টানেল ধস

শ্রমিকদের উদ্ধারে হাতে খনন চালাবে ভারতীয় সেনাবাহিনী

ভারতের উত্তরাখণ্ডে টানেল ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার এগিয়ে এল ভারতীয় সেনাবাহিনী। ম্যানুয়াল ড্রিলিং এর মাধ্যমে টানেলের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

মূলত টানেলের ভেতরে উদ্ধারকাজে ব্যবহৃত আমেরিকার ড্রিলিং মেশিনটি ভেঙে পড়ায় আরও পিছিয়ে পরে উদ্ধার কাজ। আর তাই শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী। খবর বিবিসি ও আনন্দবাজার।

দুই সপ্তাহ ধরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এক দিকে পাহাড়ের মাথা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবেন উদ্ধারকারীরা, অন্যদিকে মূল রাস্তাটি ম্যানুয়াল ড্রিলিং বা হাতে যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেনাবাহিনীর সদস্যরা।

আনন্দবাজার জানিয়েছে যে, সেনাবাহিনীর একটি বিশেষ দল ইতিমধ্যে উত্তরকাশী পৌঁছেছে। সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ম্যানুয়াল ড্রিলিংয়ের প্রস্তুতি চলছে। এ জন্য এস্কেপ টানেলে অগার মেশিনের আটকে থাকা যন্ত্রাংশ কেটে সরিয়ে ফেলা হচ্ছে।

টানেল থেকে ভেঙে পড়া ড্রিলিং মেশিন বের করে আনার পরই ওই দিকেই প্রায় ১০ মিটার বন্ধ পথ শাবল, গাঁইতির সাহায্যে খনন করা হবে। সেই কাজই করবে ভারতীয় সেনারা।

তবে এ কাজে অনেকটাই সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

টানেলের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ গত পনের দিন ধরে চললেও ক্রমাগত ধসের কারণে ড্রিলিংয়ে বাঁধা পাওয়ার ফলে বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ। তবে শ্রমিকদের স্বাস্থ্য ভালো রয়েছে এবং পাইপের মাধ্যমে তাদের খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া টানেলের বাইরে ৪১টি অ্যাম্বুলেন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন যে, মূল লক্ষ্য হল শ্রমিকদের নিরাপদে বের করে আনা এবং যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা।