মেক্সিকোর ওক্সাকা রাজ্যে একটি পিকআপ ট্রাকে বন্দুকধারীদের গুলিতে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার (২৬ নভেম্বর) জমি নিয়ে বিরোধের জের ধরে এ সহিংস ঘটনা ঘটে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
স্থানীয় প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়, সান্তিয়াগো মিটলাটোঙ্গো পৌরসভা থেকে নচিক্সটলান শহরে যাওয়ার সময় বন্দুকধারীরা ট্রাকটি লক্ষ্য করে গুলি চালায়। হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হয়। আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ওক্সাকায় এ সপ্তাহে জমি নিয়ে বিরোধের ঘটনায় দ্বিতীয় হামলা ছিল এটি। এর আগে বুধবার সান মিগুয়েল এল গ্র্যান্ডে এবং লানো দে গুয়াদালুপের বাসিন্দাদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে পাঁচজন নিহত হয়।