নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘একতরফা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাবে।’ আজ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি জানি, তাদের উদ্দেশ্য কি? তারা বলে কোনো রকমে ৭ জানুয়ারি আসলে তো হয়.... বিভিন্ন জায়গায় একটা বাক্স বসিয়ে বেড়া-টেরা দিয়ে একটা ঘর দেখাব এবং তারপরে সন্ধ্যার পরে রায় ঘোষণা দেবো। ওটা নির্বাচনই না, ঠেকাব কি?...ওই বেড়ার ঘরে আগুন লাগাবার কাজ আমরা করছি না।'
মান্না বলেন, 'সরকার যেইভাবে চেষ্টা করুক, তারা এ নির্বাচন প্রহসনের বাইরে আর কিছু করতে পারবে না। আমরা বলছি, জনগন প্রত্যাখান করেছে এই নির্বাচন, বিশ্বাবাসী প্রত্যাখান করেছে এই নির্বাচন। তারপরেও ওই যে বললাম, আসিতেছে শুভ দিন, দিনগুলো গুনতে থাকেন। দেখেন কি হয়? এ নির্বাচন সরকারের জন্যে, আওয়ামী লীগের জন্যে কোনো নির্বাচন নয়... এটা ওদের নির্বাসনে পাঠাবে... অপেক্ষা করেন।'
সরকার পতন আন্দোলনে থাকার একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘একজন বিরাট মোচওয়ালা জেনারেল... এখন এলাকায় যেতে পারেন কিনা সন্দেহ। দেখেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বুহ বাড়িয়াছে দেনা, সুধিতে হইবে ঋণ। যারা যা-ই করে পার পাবেন না।
সরকার না বলুক, টিভিতে বলছে, অবরোধ চলছে, দূরপাল্লার কোনো বাস চলছে না। দূরপাল্লার বাসগুলো কাউন্টারে দাঁড়িয়ে আছে... যাত্রী পাচ্ছে না। এক মাস ধরে মানুষ বিরোধী দলের এই কর্মসূচির সাথে একাত্মতা আছে, আরও থাকবে। আমরা বলি, ওই ফোরটোয়েন্টির নির্বাচন যা-ই দেখাক ওরা, লড়াই বন্ধ হবে না, লড়াই চলবে।'
মান্না বলেন, ‘চেষ্টা করেছিলো না বিভিন্ন দল ভাঙতে, নতুন নতুন দল করতে। খেয়াল করে দেখেন পাকিস্তান আমলেও কিন্তু রাজাকার পাওয়া গেছে এবার তো রাজকারও পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ এবারে রাজাকার-আলবদরও পায় না। নতুন নতুন কেন্টিডেট দেবে তাও পায় না।'
তিনি বলেন, এই যে দেখেন জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)… সব মিছিলে আপনারা দেখেন না। উনার দল রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল... নির্বাচন কমিশন দেয়নি। উনি আদালতে গেছেন… আদালত বলেছে দিয়ে দাও, আদালতের নির্দেশ নির্বাচন কমিশন তাদেরকে দেয়নি। কিন্তু বিএনএম-টিএনএম-এএনএম কত নামের রেজিস্ট্রেশন পেয়েছে না। ওরা বলছে, আমরা তিনশ আসনে প্রার্থী দেবো... প্রেসিডেন্টে-সেক্রেটারি বাইরে তিন নম্বার লোক নাই.. ৩-ই যদি না হয় ৩০০ কোত্থেকে হবে।'