করাচির ৯০ শতাংশ ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির ৯০ শতাংশেরও বেশি শিল্প, আবাসিক ভবন ও স্থাপনায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে দ্য নিউজ।

পাকিস্তানে প্রতি বছর শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষ মারা যায়। বিল্ডিং কোড লঙ্ঘন, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অনুপস্থিতি এবং প্রশিক্ষণ ও সচেতনতার অভাবে দেশটি বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়।

ইসলামাবাদে ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (এফপিএপি) বার্ষিক সিম্পোজিয়ামে বিশেষজ্ঞরা বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ নিয়ে মানুষকে সচেতন করতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেখাতে হবে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রাদেশিক মন্ত্রী ইউনুস দাগা, ড. জুনায়েদ আলী শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় ড. জুনায়েদ আলী শাহ স্বীকার করেন, বেশিরভাগ হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। এমনকি প্রতিষ্ঠানগুলো আগুন লাগলে বের হওয়ার জন্যও কোনো জায়গাও রাখেনি।

যদিও সংশ্লিষ্টরা জানান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ইঞ্জিনিয়ারিং কাউন্সিল যে বিল্ডিং কোড ফায়ার সেফটি প্রিভেনশন তৈরি করে তা ২০১৬ সালে পাস হলেও এখনো যথাযথভাবে  কার্যকর হয়নি।