জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়েছে উগান্ডা। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই হারিয়েছে দিয়েছে তারা। 

নামিবিয়ার উইন্ডহকে টসে হেরে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার ৩৯ বলে ৪৮ রানের ইনিংসে জিম্বাবুয়ে করতে পারে ১৩৭/৭। জবাবে ১২ রানে ২ উইকেট হারালেও মিডল অর্ডারে আলপেশ রামজানির ২৬ বলে ৪০ ও রিয়াজাত আলী শাহর ২৮ বলে ৪২ রানের ইনিংসে স্মরণীয় জয় পায় উগান্ডা। ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা।

নামিবিয়ার কাছে ৭ উইকেটের হার দিয়ে শুরু জিম্বাবুয়ের আজকের পরাজয়ে চূড়ান্তপর্বে উত্তরণ কঠিন হয়ে গেলো। মাঝে তানজানিয়াকে হারালেও ৭ দলের আসরে তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২। বাকি তিন ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেলেও শীর্ষ দুদলের মধ্যে থাকতে যা যথেষ্ট হবে কিনা সন্দেহ আছে। আফ্রিকা বাছাইপর্ব থেকে দুদল উঠবে উইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয়ে আগামী বছরের বিশ্বকাপে। ৩টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া ও কেনিয়া। তিনে থাকা উগান্ডার সংগ্রহ ৩ ম্যাচে পয়েন্ট ৪। 

নামিবিয়ার মতো এ ম্যাচেও জিম্বাবুয়ের হারের ধরনটা প্রায় একই রকম। আগে ব্যাটিং করতে নেমে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। আজ উদ্বোধনী ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া ২৩ বলে ২৩ রানের ইনিংস খেললেও ৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। কাইয়ার মতো শন উইলিয়ামসও বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন, কিন্তু ২৪ বলে ২১ রান করেই থামেন। উগান্ডার বাঁহাতি পেসার দীনেশ নাকরানি ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার হেনরি সেনিয়োন্দো ২ উইকেট নেন ২৫ রান দিয়ে।

বোলিংয়ের শুরুতে অবশ্য আশাই পায় জিম্বাবুয়ে। কিন্তু তিনে নামা রজার মুসাকা একদিকে ইনিংস ধরে রাখেন, ৩৩ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রামজানি ও রিয়াজাতের সঙ্গে। তাতেই জয়ের ভিত পেয়ে যায় উগান্ডা। শেষ ১৮ বলে তাদের দরকার ছিল ৩০ রান, টেন্ডাই চাতারার করা ১৮তম ওভারে আসে ২০ রান। ১৯তম ওভারের পঞ্চম বলে রিয়াজাত আউট হলেও সমস্যা হয়নি উগান্ডার।