ক্রিকেট থেকে বিশ্রামে গেলেন ড্যারেন ব্রাভো

ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন ব্রাভো ক্রিকেট থেকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছেন। আগামী ডিসেম্বরে ঘরের মাঠে হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে দলে জায়গা না পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন ব্রাভো। ৩৪ বছর বয়সী এ ব্যাটার উইন্ডিজদের ঘরোয়া লিস্ট-এ সুপারফিফটি কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও দলে জায়গা পাননি। ওই আসরে ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেন ড্যারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ব্রাভো জানান, ‘সামনে ক্রিকেট নিয়ে কী করবো তার জন্য কিছু সময় নেয়া প্রয়োজন আমার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য সর্বোচ্চ পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে পারফর্ম করে যেতে অনেক শক্তির প্রয়োজন হয় অথবা বলা যায় এটা সহজ কাজ নয়। ঘরোয়া আসরে এমন নৈপুণ্যের পরও ৪০-৪৫ জনের তালিকায় জায়গা না হওয়ার মানে পরিষ্কার বার্র্তা দিয়ে দেওয়া।

আমি হাল ছাড়ছি না। তবে আমি বিশ্বাস করি আমি নতুন প্রতিভাদের জায়গা করে দেওয়ার জন্য পাশে সরে দাঁড়াচ্ছি। সবাইকে শুভ কামনা।’

উইন্ডিজের হয়ে ৫৬ টেস্ট, ১২২ ওয়ানডে ও ২৬টি টি২০ খেলেছেন ড্যারেন ব্রাভো। সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন তিনি।