কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য দেন। এর আগে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয় ফলাফল।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৫৪০ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন, যা মোট ফলাফলের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬৫৫ জন, যা মোট ফলাফলের ছয় দশমিক ৭৮ শতাংশ।
২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন। এ ছাড়া ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ১৫৩ জন।
এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৭৭ জন ছাত্র ও ৪৯ হাজার ১৯৩ জন ছাত্রী পাস করেছে। জিপি-৫ পেয়েছে দুই হাজার ১৩২ জন ছাত্র ও তিন হাজার ৫২৩ জন ছাত্রী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কারণে গত বছরগুলোর তুলনায় এবার কুমিল্লা বোর্ডে ফলাফল একটু খারাপ হয়েছে। তবে এবার পুরো সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, এছাড়া বিশৃঙ্খলার কারণে ৪৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের আওতাধীন একটি কলেজ একজনও পাশ করেনি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামান নাসের বলেন, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে এবার ফল কিছুটা খারাপ হয়েছে। তবে কী কারণে খারাপ হয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখব।