বিএনপি নেতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ময়মনসিংহ সদর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং রাজধানীর মুগদা এলাকা হতে বিএনপির ৭১ নম্বর ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বিভিন্ন সময়ে র‌্যাব অভিযান চালিয়ে গত ২৮ অক্টোবর থেকে রবিবার পর্যন্ত হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত সর্বমোট ৭৩৯ জনকে গ্রেপ্তার করেছে। 

র‌্যাব আরও জানায়, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪৫টি টহলদলসহ সারা দেশে ৪৩০টি টহল দল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। এছাড়া, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।