মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রী মন্নুজানের সমর্থকদের বিক্ষোভ

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করেছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল থেকে নগরীর খুলনা-যশোর মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাসভবনের সন্নিকটে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও ক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।

এ সময় সড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় দেড়ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ক্ষুব্ধ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে নেন। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় মনোনয়ন বঞ্চিত শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, আবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।