নাটোরের লালপুরে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আনন্দমিছিল থেকে হামলা করার অভিযোগ উঠেছে। এতে মনোনয়ন বঞ্চিত নেতার পাঁচ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় এঘটনা ঘটে।
লালপুর থানা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর পরপরই মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সমর্থকরা দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আব্দুলপুর রেল জংশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এ সময় দুই পাশে আরও দুটি ট্রেন রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল আটকা পড়ে।
এসময় বিক্ষোভকারীরা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদের পক্ষে স্লোগান দেন। আধঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৫ টায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ১৫-২০ জন সমর্থক সেখানে আনন্দমিছিল বের করেন। মিছিল থেকে হঠাৎ করেই শামীম আহমেদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন। খবর পেয়ে আব্দুলপুর ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বলেন, মিছিলে বর্তমান সংসদ সদস্যের মনোনয়ন পাওয়া নিয়ে তার নামে স্লোগান দেওয়া হচ্ছিল। এ সময় অতর্কিতভাবে হামলা করে পালিয়ে যায় তারা। এতে পাঁচজন গুরুতর জখম হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।