আরব আমিরাতের দুইটি স্কুল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।
রবিবার (২৬ নভেম্বর) সকালে এইচএসসির ফল প্রকাশের পর অনলাইনে রেজাল্ট চেক করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
এবারের এইচএসসি পরীক্ষায় আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে ৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৯ জনই পাস করেছেন। এর মধ্যে এ প্লাস পেয়েছেন ১ জন, এ পেয়েছেন ১৪ জন, এ মাইনাস পেয়েছেন ৭ জন, বাকি পাঁচজন বি ও সি পেয়েছে ২ জন। পাসের হার ৯০.৬২% এদের।
এছাড়া উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে বিজ্ঞান ও হিসাব বিজ্ঞানে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জনই পাস করেছেন। এই প্রতিষ্ঠান থেকে এ পেয়েছেন ৬ জন এবং এ মাইনাস পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।
শিক্ষার্থীদের এই সাফল্যে খুশি শিক্ষক ও অভিভাবকরা। এই স্কুলগুলোতে আরও বেশি শিক্ষার্থী ভর্তি হবে এবং শতভাগ ভালো ফলাফল আসবে এমন আশা স্কুলের শিক্ষক ও পরিচালকদের।