৪ কলেজে পাস করেনি কেউ, চারটিতে একজন করে পাস

২০২৩ সালের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার মোটামোটি ভালো থাকলেও জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের সংখ্যা শূন্য এবং চারটিতে পাস করেছে মাত্র একজন করে।

সেই তালিকায় দিনাজপুর বোর্ডের অধিনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলে দেখা যায় ঠাকুরগাঁওয়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল।  

একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেসব প্রতিষ্ঠান হচ্ছে- মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, হাজীপুর কলেজ, কদমরসুল হাট স্কুল এন্ড কলেজ ও পীরগঞ্জ আদর্শ কলেজ।

একজন করে পাস করেছে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেসব প্রতিষ্ঠান হলো- রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজ, বাঁশগাড়া আইডিয়াল কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এবারে ঠাকুরগাঁও জেলায় ৩৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ৭৯৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৮ হাজার ৯৫৬ জন, ৫টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ১ হাজার ৩৫ জন ও ১১ টি কেন্দ্রে ভোকেশনাল ও বিএম শাখায় ৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘আমাদের কলেজ থেকে শুধু মানবিক বিভাগ থেকে মোট ৪জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।,

 তিনি আরও বলেন, ‘এদিকে গ্রামাঞ্চলের ছেলে মেয়েগুলো তেমন কলেজে আসে না ও ক্লাস করতে চায় না। শিক্ষকরা প্রতিদিন কলেজে আসলেও ক্লাসে তেমন ছাত্র-ছাত্রী আসতো না। আবার যারা আসতো তাদের মধ্যে শুধু মাত্র ৪ জন পরীক্ষা দিয়েছে। বাকি প্রায় আরও ৩০ জনের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পড়াশোনা না করে কি পরীক্ষায় পাস করা যাবে? যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো ভালোভাবে পড়াশোনা করেনি। এ কারণে হয়তো তারা পাস করতে পারেনি।,