এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাস দেখা যায়। ঘরে বসে এসএমএসের মাধ্যমে ফল জানা গেলেও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল রবিবার গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের ভিড়। ঢাক-ঢোল পিটিয়ে, নেচে-গেয়ে, একে অপরকে জড়িয়ে ধরে ভালো ফলাফলের জন্য আনন্দ উদযাপন করছেন তারা।
নটর ডেম কলেজ : এই কলেজ থেকে ২ হাজার ৫২০ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে। ৩ হাজার ২১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ১৯৪ জন পাস করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৩১ জন। আর মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১৩০ জন।
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ : ২ হাজার ৫৯৬ জন অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৫৬১ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১৬৬ জন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আমাদের বেশ কিছু পরীক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে এবং তিনজন শিক্ষার্থীর মা মারা যাওয়ার কারণে সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ কারণে আমাদের পাসের হার কিছুটা কমেছে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল : প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফল করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় স্বনামধন্য এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৩৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩৭৯ জন। যা মোট পাসের ২৮ দশমিক ৬৭ শতাংশ।
মাইলস্টোন কলেজ : এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২ হাজার ৯৫৩ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৭৩ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬১৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৩৬ জন এবং মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক। এছাড়া শ্রেণিকক্ষের শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কেও আমরা সবসময়ই সচেতন থাকি। যার ফলে ছাত্রছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পাচ্ছে। যা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ : রাজধানীর ডেমরায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এ বছর ৯৯ দশমিক ৮২ শতাংশ পাস এবং ৮৯৯টি জিপিএ ৫ পেয়ে চমকে দেওয়া সাফল্য অর্জন করেছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয় ১ হাজার ৯৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭২৮ জনের মধ্যে ৬৯৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৯ জনের মধ্যে ১৩৫ ও মানবিক বিভাগ থেকে ১৪১ জনের মধ্যে ৬৮ জন জিপিএ ৫ পেয়েছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমাদের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করতে পেরেছে। নিত্যনতুন পরিকল্পনা ও সামগ্রিক সমন্বয়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠানে পাঠ পরিকল্পনা সম্পাদিত হয়, তাই সবপর্যায়ে শিক্ষার্থীরা বারবার সাফল্য অর্জন করে।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ : এ বছর কলেজটি থেকে ২ হাজার ২৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫৭ দশমিক ১৭ শতাংশ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১০২ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১৫৪ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৩ জন শিক্ষার্থী।