চট্টগ্রাম নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২১-এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৩-বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২১-এ ব্যাচের ৫৩ জন মিডশিপম্যান এবং ২০২৩-বি ব্যাচের ১০ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ ৬৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে আটজন নারী মিডশিপম্যান এবং দুজন নারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান ২০২১-এ ব্যাচের মিডশিপম্যান মো. ফারহান আলী, (এক্স), বিএন সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আইএসপিআর