বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল রবিবার এই কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক টিপু সুলতান।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের প্রকল্প পরিচালক টিপু সুলতান বলেন, ‘তেল চুরির ঘটনায় জ¦ালানি মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তবে তদন্ত কমিটি কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেবেন এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনাল (আরটি) সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ২৪ নভেম্বর ভোররাতে ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল পাইপলাইনে লিকেজের বিষয়টি জানানো হয়। সেখানে স্থাপিত সেন্সর মনিটর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরোশাভাঙ্গা চকইসবপুর গ্রামে লিকেজ শনাক্ত করার বিষয়টি জানা যায়। একই সঙ্গে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালের সেন্সর মনিটরে একই সংকেত ধরা পড়ে।
ওই সূত্র ধরে চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও মাটিসহ পরিত্যক্ত প্রায় ১০০ লিটার তেলও জব্দ করে পুলিশ।