রাজধানীর মালিবাগ এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫)। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, শনিবার রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডের ‘হোটেল সবুজ বাংলা (আবাসিক)’ চতুর্থতলার একটি রুমে ওঠেন মিজানুর। সকালে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই রুম থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রুমটির দরজা খোলা ছিল। আর রুমের ভেতর বিছানার ওপর শোয়া অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তবে তার শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তবে তার স্ত্রী জানাতে পারেননি, মিজানুর ঢাকায় কোন এলাকায় থাকতেন।