রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ভবন নির্মাণের কাজ করার সময় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফফর হক (২৬), সরলাল দাস (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫)।
দগ্ধরা জানান, তারা নূরানী কনস্ট্রাকশনের শ্রমিক। তালতলা এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবনটির সবেমাত্র বেসমেন্ট এর কাজ চলছে। তাদের কাজে পানির পাত্র হিসেবে ব্যবহার করার জন্য কেমিক্যালের একটি খালি ড্রাম আনেন। গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেই খালি ড্রামটির উপরের অংশ কেটে ফেলছিলেন। তখনই সেখান থেকে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই ৪ জনের শরীরে আগুন ধরে যায়। সহকর্মীরা তাদের শরীরে আগুন নিভিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন।
তাদের ধারণা, কেমিক্যালের খালি ড্রামটির ভিতরে গ্যাস জমে ছিল। সেই কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে রফিকুল ইসলামের দুই পা এবং হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বাকি ৩ জনের সামান্য দগ্ধ হয়েছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।