বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এরশাদ স্বৈরাচার উচ্ছেদ হলেও স্বৈরাচারের ভিত্তি উচ্ছেদ হয়নি, নতুন করে ‘উন্নয়ন স্বৈরাচার’ দেশবাসীর কাঁধে চেপে বসেছে। এরা কর্তৃত্ববাদী শাসনের নতুন ভিত্তি রচনা করছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে আজ পুষ্পমাল্য অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তার সমাধিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ শ্রদ্ধা জানানো হয়।
প্রায় এক দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আন্দোলনে বিজয়ের পর বিএনপি - আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও শহীদ মিলনসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচার করেনি। তিনি বলেন, দেশে আজ সংঘাত সংঘর্ষ চলছে, চলছে একতরফা নির্বাচন আয়োজন। যা চলমান দু:শাসনকে আরও দীর্ঘায়িত করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সম্পাদক অ্যাড.আনোয়ার হোসেন রেজা কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদের, রতন দাস, স্বপন দাশ, ছাত্র নেতা দীপক শীলসহ অন্যান্য নেতাকর্মীরা।