স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহম্মদ গিয়াসউদ্দিন ও তার ছেলে কৃষকদলের সদস্য সচিব কায়সার রিফাত।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়াস ও তার ছেলের পক্ষে বিএনপির কয়েকজন নেতাকর্মী নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আখন্দ।
এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
তবে মনোনয়ন কেনার বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন ও তার ছেলে কায়সার রিফাত। তাদের উভয়ের দাবি, স্বতন্ত্র নির্বাচন করার প্রশ্নই আসে না। খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে দাবি করেন তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, গিয়াস উদ্দিন ও তার ছেলের পক্ষে প্রতিনিধি এসে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র নিয়ে গেছেন। যিনি মনোনয়নপত্র নিয়েছেন তার নাম-ঠিকানা আমাদের কাছে আছে। জাতীয় পরিচয়পত্রের কপি ও ভোটার তালিকার সিডির টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে আমাদের এখান থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকারি দলের কতিপয় গোষ্ঠীর যোগসাজশে এমন তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন মুহম্মদ গিয়াসউদ্দিন। ২০০১ সালে বিএনপির টিকিটে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হন তিনি। সম্প্রতি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি।