এইচএসসিতে ভালো ফলাফলের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে ঢাকা কমার্স কলেজ

প্রতি বছরের ন্যায় এবারও ভাল ফলাফলের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে কমার্স বিশেষায়ীত দেশ সেরা ঢাকা কমার্স কলেজ। গতকাল রবিবার (২৬ নভেম্বর) এইচএসসি ফলাফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ৩২২৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩২০০ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.২৯ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে সর্বমোট ৩৫২জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৬১৭ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ১২৮ জন। পাসের হার ৯৯.৩২ শতাংশ। আর বিজ্ঞান শাখা থেকে ১৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১৫৮৩ জন। তন্মধ্যে জিপিএ-৫ অর্জন করে ২২৪ জন। পাসের হার ৯৯.২৫ শতাংশ।

ভাল ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই সাফল্য।

তিনি আরও বলেন, দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির একনিষ্ঠ অংশগ্রহণেই আমরা অধিকতর যত্নশীল।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।