আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে আজ রুয়ান্ডার বিপক্ষে ম্যাচে ১৪৪ রানের জয়ের পথে এ ঘটনা ঘটে।
এর আগে নামিবিয়ার পর গতকাল উগান্ডার কাছে হেরে বড় হোঁচট খেয়েছিল জিম্বাবুয়ে। তবে এ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে জিম্বাবুয়ে। এদিন শুরুতে ব্যাট করার জিম্বাবুয়ের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে ফিফটি করেন রাজা। ৩৬ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছয়ে করেন ৫৮ রান। মারুমানির ফিফটি ও রায়ান বার্লের ঝড়ো ৪৪ রানের সুবাদে ২১৫ রানের পাহাড় সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে রুয়ান্ডার ইনিংস শেষ হয় মাত্র ৭১ রানে। রিচার্ড এনগারাভা তিন উইকেট নেন। আর ১৯তম ওভার করতে এসে রুয়ান্ডার শেষ তিন উইকেট টানা শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাজা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে অর্ধশতক ও হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় পুরুষ খেলোয়াড় রাজা। এর আগে এই কীর্তি ছিল নামিবিয়ার জেজে স্মিটের। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রানের সঙ্গে ১০ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছিলেন স্মিট। রাজার এমন স্মরণীয় দিনে নিজেদের রেকর্ড নতুন করে গড়েছে জিম্বাবুয়েও। রানের হিসাবে এটিই এখন সবচেয়ে বড় জয় তাদের। সাত দলের এ বাছাইপর্ব শেষে দুটি দল আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।