দুবাইয়ে জলবায়ু সম্মেলনে যাবেন না বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ (কপ-২৮ নামে পরিচিত) সম্মেলনে অংশগ্রহণ করছেন না। হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে ১৫ দিনের এ শীর্ষ সম্মেলনে বাইডেন কেন উপস্থিত থাকতে পারছেন না এমন কোনো কারণ ওই কর্মকর্তা উল্লেখ করেননি।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সেক্ষেত্রে বাইডেনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি সম্মলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মধ্যে কপ-২৮ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিত থাকার সম্ভাবনা কম। সম্মেলনটি আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের আয়োজিত এই সম্মেলনে আনুমানিক ৭০ হাজার প্রতিনিধির পাশাপাশি ১৯৮টি দেশের অসংখ্য নেতা, জ্যেষ্ঠ মন্ত্রী এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন।