আগামী ১ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই চীন ও ভারতের নাগরিকরা মালয়েশিয়ায় প্রবেশাধিকার পাবে। বিশেষ এই সুবিধা বহাল রাখা হবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত রবিবার এই ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বিশেষ সুবিধার আওতায় চীন ও ভারতের নাগরিকরা ভিসা ছাড়া ৩০ দিন মালয়েশিয়ায় থাকতে পারবেন।
রয়টার্স জানায়, মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম পর্যটক উৎস দেশ চীন ও ভারত। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯১ লাখ ৬০ হাজার বিদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন।
দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এই পর্যটকদের মধ্যে কেবল চীনা নাগরিক ছিলেন ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন। আর ভারত থেকে দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন। সেই তুলনায় করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে মালয়েশিয়ায় চীন এবং ভারত থেকে ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫ লাখ এবং ৩ লাখ ৫৪ হাজার ৪৮৬ জন।
তাই দুই দেশের পর্যটকদের আবার মালয়েশিয়ামুখী করতে বিশেষ এই সুবিধা চালুর সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার।