করণের শোতে বিচ্ছেদের কারণ জানাবেন আমির-কিরণ! 

করণ জোহরের শো কফি উইথ করণের নতুন পর্বে অতিথি হয়ে আসছেন আমির খান এবং কিরণ রাও। ২০১৩ এর পর কেটে গেছে ১০ বছর। বদলেছে সম্পর্কের সমীকরণ। নতুন রূপে এবার করণের বিপরীতে কাউচে দেখা যাবে তাদের। ইতিমধ্যে নাকি তারা সেই পর্বের শুটিং সেরে ফেলেছেন।

ইন্ডিয়া টুডের রিপোর্টে জানানো হয়েছে, কফি উইথ করণ সিজন ৮ -এর শেষ পর্বে আসবেন আমির এবং কিরণ। এই পর্বের শুটিংয়ের নাকি দারুণ মজা করেছেন আমিররা।

লাগান ছবির সেটে প্রথমবার দেখা হয়েছিল আমির খান এবং কিরণ রাওয়ের। কিন্তু তখনই তারা একে অন্যের প্রেমে পড়েননি। পরে তাদের আবারও দেখা হয়, প্রেমে পড়েন এবং ২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন। তাদের একটি সন্তানও আছে, আজাদ রাও খান। যদিও সেই সম্পর্কেও তারা ইতিমধ্যেই ইতি টেনেছেন।

২০২১ সালে ডিভোর্স হয় আমির এবং কিরণের। যদিও এখনও তারা ভালো বন্ধু রয়েছেন একে অন্যের। কিছুদিন আগে যখন আমির খানের মেয়ে ইরার যখন বিয়ে হয় সেখানে উপস্থিত ছিলেন কিরণ। এমনকি কিরণ রাওয়ের আগামী ছবি লাপাতা লেডিজ ছবির প্রযোজক হলেন আমির। ইতিমধ্যেই এই ছবিটি টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

এছাড়াও পানি ফাউন্ডেশন নিয়ে তারা একত্রে কাজ করছেন যা তারা দুজন মিলেই শুরু করেছিলেন। তাদের এই সংস্থার মূল উদ্যোগ মহারাষ্ট্র থেকে খরা দূর করা।

প্রসঙ্গত, এর আগে আমির খান লাল সিং চাড্ডা ছবির প্রচারে কফি উইথ করণে এসেছিলেন। তবে সেবার তার সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান।